লেভানদোভস্কির খোঁচা ‘ইয়ামালের মতো কাউকে পাবে না রিয়াল’

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের সেরাদের কাতারে উঠে এসেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। তার মাঝে লিওনেল মেসির ছায়া দেখছেন আনেকেই। বার্সা কর্তৃপক্ষও তাদের এই অমূল্য সম্পদকে নিয়ে খুবই সতর্ক। ইয়ামালের মতো খেলোয়াড় খুঁজে বের করার চাপ থেকেই তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে টেনেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। খোদ বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কিই এই দাবি করেছেন!

আর্জেন্টিনার প্রতিভাবান তরুণ মাস্তানতুয়োনো বয়সে ইয়ামালের চেয়ে এক বছরের ছোট। তাকে রিভার প্লেট থেকে আনার জন্য রিয়াল খরচ করেছে ৪ কোটি ৫০ লাখ ইউরো। গতকাল বৃহস্পতিবার ১৮তম জন্মদিনে রিয়ালের হয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে মাস্তানের। তবে লেভানদোভস্কি মনে করেন, বয়স ছাড়া ইয়ামাল এবং মাস্তানের মিল নেই বললেই চলে। তাছাড়া ইয়ামালের সমকক্ষ কাউকে রিয়াল খুঁজে পাবে না বলেও তার মত।

রিয়াল মাদ্রিদকে খোঁচা মেরে লেভানদোভস্কি বলেছেন, ‘খুব কম বয়সে খেলোয়াড়দের মধ্যে তুলনা করা ঠিক নয়। লামিনের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছে রিয়াল। কিন্তু আমার মতে এটা অসম্ভব। তার চেয়ে বরং নিজের পথে এগোনোই ভালো। কারণ, এই ধরনের প্রতিভা প্রতি শহরে প্রতি বছর জন্মায় না—দশ বছরে একবার এমন কেউ আসে। মেসি ও রোনালদো অনন্য, তাদের মতো দ্বিতীয় কেউ আসবে না।’

সম্প্রতি জন্মদিনের অনুষ্ঠান করে সমালোচিত হয়েছেন ইয়ামাল। তার মাঠের বাইরের জীবন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করলেও লেভানদোভস্কি মোটেও চিন্তিত নন, ‘এই বয়সে ওর জীবন উপভোগ করার অধিকার আছে। ফুটবলের বাইরের দুনিয়াও তার জন্য খোলা। অবশ্য চারপাশের প্রলোভন সামলানো সহজ হবে না। তবে সঠিক ভারসাম্য রাখতে হবে—কারণ কিছু জিনিস এখন করা সম্ভব, ভবিষ্যতে আর হবে না। আগামী দুই-তিন-চার বছর তার প্রতি আগ্রহ থাকবে। এসব চাপ সামলাতে শরীর, মন ও চিন্তায় ভারসাম্য বজায় রাখা খুব জরুরি।’