বাটলারের কারণেই রাজস্থান ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন!

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলারকে দলে রাখা-না রাখা নিয়ে বিবাদে রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে, গত আইপিএল শেষে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষকে তিনি দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দেন। রাজস্থানের হয়ে ১১ বছর আইপিএল খেলার পর সঞ্জুর সঙ্গে হঠাৎ কী এমন ঘটেছিল?

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে দল থেকে ছাড়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না সঞ্জু। অধিনায়ক হিসেবে তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তবে রাজস্থান কর্তৃপক্ষ তার অনুরোধ ও যুক্তি উপেক্ষা করে। গত আইপিএল শুরুর আগে বাটলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতি পরোক্ষ সমালোচনাও করেছিলেন সঞ্জু। তার মতে, রাজস্থানের হয়ে টানা সাত বছর খেলা বাটলার দলের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন।

সেই সময় সঞ্জু বলেছিলেন, ‘বাটলারকে ছেড়ে দেওয়া আমার সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্তগুলোর একটি। ইংল্যান্ডের সঙ্গে সিরিজ চলাকালীন একদিন রাতে খাওয়ার টেবিলে আমাদের আলোচনা হয়েছিল। বাটলারকে বলেছিলাম, তখনও ওই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। আইপিএলের একটা নিয়ম যদি পরিবর্তন করতে পারতাম, তাহলে তিন বছর পর পর ক্রিকেটার ছেড়ে দেওয়ার নিয়মটা বদলে দিতাম।’

রাজস্থানের এই বক্তব্য ভালোভাবে নেননি রাজস্থান কর্তৃপক্ষ। মূলত বাটলারকে ছেড়ে দেওয়া নিয়েই রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর বিবাদের শুরু। ক্রমে বিভিন্ন বিষয় তাতে যুক্ত হয়েছে এবং সম্পর্ক আরও জটিল হয়েছে। রাজস্থানও সঞ্জুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধরে রাখতে চায় না। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের কর্ণধার মনোজ বাদালে একাধিক দলের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। তারা সুবিধাজনক শর্তে সঞ্জুকে ছেড়ে দিতে চায়।

সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম আরও জানিয়েছে, ইতোমধ্যেই নাকি চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কথা বলছেন রাজস্থান কর্তৃপক্ষ। সঞ্জুকে নিতে চাইলে চেন্নাইকে রুতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজা মধ্যে একজনকে ছাড়তে হবে। একমাত্র এই শর্তেই চেন্নাইয়ের সঙ্গে সঞ্জুকে অদলবদল করতে রাজি রাজস্থান। আর নাইট রাইডার্সের কোনো ক্রিকেটারকে রাজস্থান নিতে রাজি নয়। সঞ্জুকে নিতে হলে নাইটদের ১৮ কোটি টাকা খরচ করতে হবে। কারণ এই দামেই গত বার সঞ্জুকে ধরে রেখেছিলেন রাজস্থান কর্তৃপক্ষ।

আগামী আইপিএলে সঞ্জু আর রাজস্থানের হয়ে খেলবেন না, সেটা প্রায় নিশ্চিত বলা চলে। রাজস্থানের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘সঞ্জুর বিষয়ে একাধিক দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছি। সঞ্জুর মতো ক্রিকেটারকে সহজে ছাড়া যায় না। দলের শক্তিই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চেন্নাই যদি রুতুরাজ বা জাদেজার মধ্যে কাউকে অফার করে, তবেই আমরা সঞ্জুকে দেব। এর বাইরে অন্য কোনো সম্ভাবনা আপাতত কম।’