শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র মারা গেছে। তার নাম মিনহাজ শেখ (১৬)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বালাখানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত মিনহাজ শেখ নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকার দেলোয়ার শেখের ছেলে। সে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের চাচাতো বোন আইরিন আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে মিনহাজ তার চাচা সিফাত শেখের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে জেলা শহরের দিকে ঘুরতে বের হয়। শরীয়তপুর সদর উপজেলার বালাখানা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিচঢালাই সড়কে পরে দুজনই আহত হয়। পরে স্থানীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মিনহাজ শেখের মৃত্যু হয়। আর সিফাত শেখকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল থেকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে।