শেখ হাসিনা ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পালিয়ে না গেলে, হয়তো এতদিনে মাটির নিচে কিংবা আয়নাঘরে থাকতে হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আজ শুক্রবার দুপুরে জেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনও ভোট চাইতে আসব না। কখনও বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই।
তিনি আরও বলেন, আমি চাইব অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন, আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ানোর জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই আমার কাছে ওয়াদা করেন, নিজেরা নিজেদের মধ্যে কেউ হানাহানি-মারামারি করবেন না।
হাতিয়াতে বিনিয়োগের জন্য এ মাসের শেষের দিকে জাপান থেকে একটি টিম হাতিয়া পরিদর্শন করতে আসবে। আমরা যদি ঠিকভাবে কাজ করার সুযোগ পাই, তবে আগামী ৫ বছরের মধ্যে হাতিয়া দ্বীপ সেন্টমার্টিন থেকেও সুন্দর হবে।
এ সময় জাতীয় নাগরিক পার্টি’র নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত ও হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।