শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আমরা মুক্তিসংগ্রামে তার অবদান ও ত্যাগ স্বীকার করি, কিন্তু তার শাসনামলের জাতীয় ট্র্যাজেডি-ও মনে রাখি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম লিখেন, বাংলাদেশের জনগণের জন্য শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আমরা স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি, কিন্তু তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও ভুলিনি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়, ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশালী শাসনের ভিত্তি তৈরি হয়।

তিনি আরও লিখেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির আড়ালে মুজিব-পূজা ও মুক্তিযুদ্ধ-পূজা করা হচ্ছে, যা মূলত একটি রাজনৈতিক মূর্তিপূজা। এতে জনগণের ওপর অত্যাচার, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এটি গণতন্ত্রের নামে আধুনিক জমিদারি ছাড়া কিছুই নয়। তবে মুক্তিযুদ্ধ ছিল সমস্ত মানুষের সংগ্রাম। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে জবাবদিহিতাহীন শাসন চালিয়েছে এবং মুজিবের নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন-পীড়নকে বৈধতা দিয়েছে।

নাহিদ ইসলামের দাবি, ২০২৪ সালের জনবিদ্রোহ এই জমিদারি ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন থেকে কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শকে নাগরিক অধিকার কেড়ে নেওয়া বা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। "জাতির পিতা" উপাধিটি ইতিহাস নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতা একচেটিয়া করার জন্য আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিক সমান এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীই এদেশের মালিকানা দাবি করতে পারবে না।

তিনি আরও লিখেন, মুজিববাদ একটি ফ্যাসিবাদী আদর্শ, যা শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে চালানো হচ্ছে। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এই ফ্যাসিবাদী চিন্তাধারার বিরুদ্ধে। মুজিববাদ মানেই জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণ ও নিয়মিত মানবাধিকার লঙ্ঘন। এটি দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার, ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু জমি দখলের নামান্তর। এটি জাতীয় স্বার্থ বিদেশিদের কাছে বিক্রি করার শামিল।

নাহিদ ইসলামের মতে, গত ১৬ বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে একটি অস্ত্রে পরিণত করা হয়েছে, যার আড়ালে চলেছে গুম, খুন, লুটতরাজ ও গণহত্যা। তিনি সতর্ক করে বলেন, মুজিববাদ একটি সক্রিয় হুমকি। এটাকে পরাজিত করতে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য একটি সমতাভিত্তিক, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ওপর ক্ষমতাচর্চা করতে পারবে না। বাংলাদেশ কারও সম্পত্তি নয়, এটি একটি গণপ্রজাতন্ত্র।