টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হাউজবোট থেকে পানিতে ডুবে মাসুম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত মাসুম মিয়া সিলেটের শেখঘাট এলাকার কবির আহমদের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসে নিহত শিশু মাসুম। দুপুরে হাওরের লালনতরী নামের একটি হাউজবোট থেকে হঠাৎ পড়ে গিয়ে মাসুম নিখোঁজ হয়ে যায়।

পরে পরিবারের লোকজন ও অন্যান্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তার। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে বিকাল ৪টা ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দুপুর ১২টায় ৫ বছর বয়সী শিশু হাউজবোট থেকে পড়ে নিখোঁজ হয়, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে।