শুক্রবার আলাস্কার অ্যানকরেজে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে তাঁর বৈঠক হওয়ার কথা। কিন্তু বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া হামলা চালিয়ে প্রমাণ করেছে যে তারা যুদ্ধ থামাতে প্রস্তুত নয়।
বৈঠকের প্রায় এক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এর মধ্যে সুমি অঞ্চলের একটি কেন্দ্রীয় বাজারও রয়েছে। তাঁর ভাষায়, “আলোচনার দিনেও তারা মানুষ হত্যা করছে—এটাই সব বলে দেয়।”
উভয় পক্ষের লড়াই থামেনি। কিয়েভ জানিয়েছে, ইউক্রেন রাতের অভিযানে রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগারে আঘাত করেছে।
আলাস্কার বৈঠকে আমন্ত্রণ না পেলেও জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করতে তিনি প্রস্তুত। তিনি আশা করছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে দৃঢ় অবস্থান নেবে এবং যুদ্ধবিরতিতে চাপ সৃষ্টি করবে।
এর আগে, ইউরোপীয় নেতারা ও জেলেনস্কি ট্রাম্পকে জানিয়েছিলেন, যুদ্ধবিরতি ছাড়া কোনো আলোচনা সম্ভব নয় এবং ইউক্রেনকে অবশ্যই আলোচনায় রাখতে হবে। ইউরোপীয় নেতাদেরও এই বৈঠকে ডাকা হয়নি, তবে তারা জেলেনস্কিকে সমর্থন দিচ্ছেন। শুক্রবার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন।
জেলেনস্কি জানান, তিনি নতুন আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের ফোন করবেন। যদি অগ্রগতি হয়, তবে জেলেনস্কি আলাস্কায় এসে দ্বিতীয় দফা বৈঠকেও যোগ দিতে পারেন।
ট্রাম্পের মতে, আলাস্কায় তিন পক্ষের বৈঠকই হবে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে সহজ উপায়।
সূত্র: নিউইয়র্ক টাইমস