পটুয়াখালীর বাউফল থানার হাজতে কম্বল ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাকিব সিকদার (২০) নামে এক আসামি। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। তিনি বাউফল পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। উপপরিদর্শক (এসআই) মাসুদ খলিফা তাকে উদ্ধার করে থানা হাজতে রাখেন।
রাত ৯টার দিকে দায়িত্বরত উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. শাহীন হাওলাদার সিসিটিভি ক্যামেরার মনিটরে দেখতে পান রাকিব কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিচ্ছেন। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্য নিয়ে হাজতের দরজা খুলে তাকে উদ্ধার করেন।