সেনা অভিযানের সময় লাফিয়ে পড়ে এমএলপি নেতার মৃত্যু

খাগড়াছড়িতে সেনা অভিযানে নিহত হয়েছেন মগ লিবারেশন পার্টির (এমএলপি) আঞ্চলিক কমান্ডার কংচাইঞো মারমা (৩১)। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমএলপি নেতা মহালছড়ি এলাকার অংসাজাই মারমার ছেলে। তিনি চলতি বছরের এপ্রিলে মানিকছড়ির ছদুরখীল থেকে রবি মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ান অপহরণের হোতা ছিলেন।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা মানিকছড়ির গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক সন্ত্রাসীকে অস্ত্র, গুলিসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে সেনাবাহিনীর সদস্যরা ব্যবসায়ী সুজিত দের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় সেনার উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন যুবক কংচাইঞো মারমা ওই ভবনের দোতলা থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপা ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। উঁচু স্থান থেকে পড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

ওই ভবনের মালিক সুজিত দে জানান, দেড় বছর ধরে স্ত্রী, সন্তানসহ ওই যুবক ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। তিনি একটি ইস্পাত কোম্পানিতে কাজ করেন বলে জানিয়েছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।