কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস কর‌তে গিয়ে দুই বন্ধু নিহত

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় নিজেদে‌র মধ্যে মোটরসাইকেল রেস করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু মারা গেছেন। বিষয়টি নি‌শ্চিত করেন কু‌ষ্টিয়া‌ চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।

পু‌লিশ জানায়, ভেড়ামারায় লালন শাহ্ সেতু থেকে প্রায় ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিল। এ সময় দুই বন্ধু মা‌হিন ও সিয়ামের মোটরসাইকেল‌টি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা‌হিন মারা যান। আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কু‌ষ্টিয়া‌ চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।