রাজধানীর শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৬আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে কদমতলি থানা পুলিশ ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ভোরে খবর পাই শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েছে। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, তবে কোন যানবাহনের সাথে এই দুর্ঘটনা হয়েছে তা জানা যায়নি। বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।