‘যুদ্ধবিরতি এখন জেলেনস্কির হাতে’, পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠক ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো চুক্তি আনতে পারেনি। তবে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে।

শুক্রবার প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, এখন মূল দায়িত্ব জেলেনস্কির। ইউরোপীয় দেশগুলোও ভূমিকা রাখতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জেলেনস্কিকেই বিষয়টি নিষ্পত্তি করতে হবে। তিনি আরও জানান, জেলেনস্কি ও পুতিনের মধ্যে আলোচনার পরিকল্পনা হচ্ছে, সেখানে তিনি নিজেও থাকতে পারেন।

যুদ্ধবিরতি না হলেও ট্রাম্প বৈঠককে ‘সফল’ বলে উল্লেখ করেছেন। যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। পুতিনও ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় ‘বোঝাপড়া’ হয়েছে।

অন্যদিকে, জেলেনস্কি অভিযোগ করেছেন, বৈঠকের দিনও রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা চালিয়েছে। টেলিগ্রামে তিনি লিখেছেন, আলোচনার দিনেও হত্যা চলেছে। যুদ্ধ থামেনি, কারণ মস্কো এর শেষ চায় না।

জেলেনস্কি বলেন, এই যুদ্ধ রাশিয়াই শুরু করেছে, তাই তাদেরই শেষ করতে হবে। যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে হলে কিয়েভকেও অবশ্যই আলোচনায় থাকতে হবে। আলোচনার উদ্যোগ অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু ইউক্রেন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।