গজারিয়ায় গ্রামবাসীর প্রতিরোধে আটক ৩ ডাকাত, নিহত এক

মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতে ও সকালে ডাকাতের হামলা প্রতিরোধ করে ৩ নৌ ডাকাতকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। চিকিৎসাধীন অবস্থায় এক নৌ ডাকাত নিহতসহ দুই গ্রামবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (১৬ আগস্ট) রাত ৩টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী এলাকায় বলগেট ডাকাতির উদ্দেশ্যে প্রথম দফায় এবং সকাল ৭টায় দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র ও ককটেলসহ তারা হামলা চালায়। এ সময় স্থানীয়রা গ্রামবাসী ধাওয়া দিলে ডাকাতরা ককটেল বিস্ফোরণের চেষ্টা করে দুই গ্রামবাসীকে আহত করে ও এক ডাকাত সদস্যের হাতে ককটেল বিস্ফোরিত হয়ে আহত হয়।
পরে এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর মধ্যে হাতে ককটেল বিস্ফোরিত হওয়া ডাকাত চিকিৎসাধীন অবস্থায় না:গঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত গ্রামবাসী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটি বলাকী গ্রামের এছাক বেপারীর ছেলে মো. আলম (৩৭) ও রাসেল বেপারীর ছেলে সোহাগ (১৬)।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, আমরা তিন নৌ ডাকাতকে মুমূর্ষু অবস্থায় আটক করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর দুইজনের অবস্থাও আশংকাজনক। মুমূর্ষু থাকায় তারা কথা বলতে পারছে না। তাই এখনো নাম ঠিকানা পাওয়া যায় নাই।