বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী নিহত

বগুড়া সদর উপজেলায় পৃথকভাবে সড়ক দূর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদরের নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও সকাল সাড়ে ৮টার দিকে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া রিজিয়নের কুন্দারহাট হাইওয়ে থানা সুত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাইভেটকারে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে দিদারুল ইসলাম জিহাদ গ্রামের বাড়ি জেলার শিবগঞ্জ থানার মোকামতালা বন্দরে ফিরছিলেন। পথে নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এসময় গাড়িতে থাকা জিহাদের ১০ মাস বয়সী শিশু জোবাইদা ঘটনাস্থলে মারা যায়। এসময় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় অজ্ঞাত মোটর সাইকেলের ধাক্কায় ৬০ বছর বয়সী রেহেনা বেগম ঘটনাস্থলে নিহত হন। তিনি বগুড়া সদরের শাখারিয়া গ্রামের বাসিন্দা।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন শিশু ও একজন নারী নিহত হয়েছেন। কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।