রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত কক্ষে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট পরিসংখ্যান বিভাগে এ ঘটনা ঘটে। পরে ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। বিভাগের সভাপতি জানিয়েছেন, ঘটনা তদন্তে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি কাজ করছে।
অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার একই বিভাগের অধ্যাপক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি। তিনি জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসকও। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিভাগের মাস্টার্সের ছাত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমার ছাত্রীকে তার অফিসে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। শিক্ষার্থী ক্লাস অ্যাটেনডেন্স সংক্রান্ত বিষয়ে জানতে তার অফিসে গেলে তাকে অন্য দিন ফোন দিয়ে আসতে বলা হয়। পরে নির্দিষ্ট দিনে গেলে তিনি তাকে পরীক্ষার প্রশ্ন দেওয়ার কথা বলে ছবি তুলতে নিষেধ করেন এবং খাতায় লিখতে বলেন। এ সময় তিনি শিক্ষার্থীর শরীরে অশোভন স্পর্শ করেন ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। ঘটনাটি শিক্ষার্থীকে গভীর মানসিক ট্রমায় ফেলে দেয়।
ভুক্তভোগীর সহপাঠীরা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাকে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হচ্ছে। পরিবারও এ ঘটনায় প্রচণ্ড ভেঙে পড়েছেন। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আবারও চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।