খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙ্গে থেকে ১৬ লাখ টাকা চুরি হয়েছে। পুলিশ বলছে, শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় থেকে সকাল ৮ টা পর্যন্ত যে কোন সময় ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হলেও মূল দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ। অন্যদিকে শনিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কোন মামলা করেনি।
ব্যাংক ও পূলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। শুক্রবার ভোর সাড়ে ৫টায় এক নিরাপত্তাকর্মীর ডিউটি শেষ হলেও তার স্থলে কেউ যোগ দেননি। এ সুযোগে ভোর সাড়ে ৫ টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুর্বৃত্তরা মূল গেটের কলাপসিবলসহ ৬টি তালা ভেঙ্গে ভল্টে প্রবেশ করে সিসিটিভির ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দিয়ে টাকা চুরি করে নিয়ে যায়। সারাদিন শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আরেক নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তখন স্থানীয় এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গেট থেকে ভল্ট পর্যন্ত একাধিক তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভল্টে ১৬ লাখের বেশি টাকা ছিল। বর্তমানে ১ হাজার ৪ শত টাকা পাওয়া গেছে। বাকী টাকা চুরি হয়েছে।
তবে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ব্যাংক এবং আশপাশ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। তবে আপাতত যেটুকু দেখা গেছে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮ টার মধ্যে চুরি সংঘটিত হয়েছে।
তিনি বলেন, এ ঘটনার ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী আবুল কাশেম, তরিকুল ও আফজালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কোন মামলা করেনি। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করবেন। তবে আমরা দুর্বৃত্তদের ধরতে কাজ করছি।
উল্লেখ্য, রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের শাখাটি অবস্থিত। ভবনটিতে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।