হিন্দুদের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। এদেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সকল মানুষ মিলে মিশে একাকার হয়ে বসবাস করে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সব সময় দেশের হিন্দু সমাজকে নিজেদের ভোট ব্যাংক মনে করেছে। আবার তাদের দ্বারাই হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শনিবার ভববান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে নাটোরের নলডাঙ্গার ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচন হবে এদেশের জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। জনগণ আমাকে পছন্দ করলে আমাকে ভোট দেবে, আমাকে পছন্দ না করলে তাদের পছন্দের অন্য যেকোনও প্রার্থীকে ভোট দেবেন। কোনোভাবেই ভোট পিছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ২০০১ সালের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। অথচ নাটোরের যত উন্নয়ন সেগুলো আমার হাত দিয়েই হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে নিজেরা বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়েছে। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।

ভূষণগাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম  নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাস প্রমুখ।