ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬ 

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদীখানে পৃথক দু’টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হন। আজ শনিবার ভোরে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকা ও জেলার সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে ওই পৃথক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ছনবাড়ি ওভারব্রিজের ওপর চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিলে আবির (৩৫) নামে একজন গুরুতর আহত হন। এছাড়া জেলার নিমতলায় রোগীবহনকারী একটি অ্যাম্বুলেন্স অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা দিলে ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরের দিকে একই সময় পৃথক ওই দু’টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এরমধ্যে ঢাকা থেকে লাশবহনকারী একটি অ্যাম্বুলেন্স ফরিদপুরের মধুখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে ছনবাড়ি এলাকার এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। তাছাড়া বরিশাল থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্রে রওনা দেওয়া অপর আরেকটি অ্যাম্বুলেন্সটি নিমতলায় পৌঁছে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

শ্রীনগর উপজেলার হাঁষাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স দু’টি এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।