আলাস্কা বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা

আলাস্কায় আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা, যা ন্যাটোর ৫ নং অনুচ্ছেদ অনুপ্রাণিত।

প্রসঙ্গত, ন্যাটোর অনুচ্ছেদ ৫ অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে বাকি সব সদস্য সেই রাষ্ট্রের প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেছেন, এই ধারণাটি মূলত ইতালির পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেটি তার রুশ সমকক্ষের সামনে তুলে ধরেছেন।

এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের মিত্ররা এই গ্যারান্টি দিতে পারবে যে রাশিয়া ফের আক্রমণ করলে তারা পদক্ষেপ নেবে।

কিয়েভ দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্যপদ চাইছে, কিন্তু অদূর ভবিষ্যতে সেই সুযোগ না থাকায় এই প্রস্তাবটি উপেক্ষা করা কঠিন। এছাড়াও এটি কার্যকর হলে ইউক্রেনের ওপর হামলার পরিমাণও কমতে পারে। তবে এর ফলে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূমির কিছু অংশ মস্কোর হাতে রাখার অনুমতিও দিতে হতে পারে।