ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আমরা কমিউনিটি পার্টিসিপেশনের (শহরের সাধারণ মানুষের অংশগ্রহণের) মাধ্যমে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই।
তিনি বলেন, শহরের সব শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। ফুটপাত দখল করে বাজার বসানোর কারণে শহরের বর্জ্য ব্যবস্থাপনার কাজ কঠিন হয়ে যাচ্ছে।
শনিবার রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত স্পোগোমি (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা) ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, আমরা সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, কিন্তু দেখা যায় নাগরিক অসচেতনতার জন্য দুপুরের আগেই আবার শহর নোংরা হয়ে যায়। নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।
প্রতিযোগিতায় ৭০টি দলের হয়ে ২১০ জন প্রতিযোগী অংশ নেন। তারা ১ ঘণ্টা উত্তরা সেক্টর-১৮ এলাকায় ঘুরে ময়লা সংগ্রহ করেন এবং পরবর্তী ২০ মিনিটে ময়লাগুলো আলাদা ক্যাটাগরিতে ভাগ করেন।
ক্যাটাগরি অনুযায়ী আবর্জনার ওজনের ভিত্তিতে প্রতিযোগিতার পয়েন্ট নির্ধারণ করা হয়। ফাইনালে অংশ নেওয়া ৭ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী দলের ৩ সদস্য আগামী অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ২য় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।