সিপিবি নেতা জাহিদ হোসেন

অন্তবর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে

সংস্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদ হোসেন খান। তিনি বলেন, অন্তবর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে। নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 

শনিবার বিকেলে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে আয়োজিত সিপিবি সূত্রাপুর থানা কমিটির ২০তম সম্মেলনের সমাবেশে এ কথা বলেন তিনি।

থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দীপায়ন হোসেন, দীপক শীল ও সাগর হোসেন সবুজ।

ত্রিদিব সাহা বলেন, দেশের সাধারণ মানুষ ভোট, ভাত ও কাজের অধিকারের জন্য লড়াই করেছে। অথচ বিগত সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে এবং বর্তমান সরকারও নির্বাচনের বিষয়ে টালবাহানা করছে। এটি জনগণ কখনোই মেনে নেবে না।

সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, সাম্রাজ্যবাদ ও তাদের সহযোগী দেশি-বিদেশি মৌলবাদী গোষ্ঠী দেশের মূল শত্রু। মার্কিন যুক্তরাষ্ট্র মৌলবাদীদের ব্যবহার করে ভয় সৃষ্টি করে সম্পদ লুট করছে এবং বাংলাদেশের বন্দর ও করিডোর দখলের মাধ্যমে দেশকে যুদ্ধে ঠেলে দিতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন, কমিউনিস্টরা এ পরিস্থিতি মেনে নেবে না।

অন্য বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট, সন্ত্রাস ও বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে বলেন, দেশের শোষিত মানুষ আজ মুক্তির পথ খুঁজছে। কমিউনিস্ট পার্টি জনগণের পাশে থেকে সমাজতান্ত্রিক সমাজ গড়ার লড়াই চালিয়ে যাবে। এর আগে সাংগঠনিক অধিবেশনে বিকাশ সাহাকে সভাপতি, গোলাম রাব্বী খানকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সহকারী সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট থানা কমিটি গঠন করা হয়।