সুন্দরবন থেকে আহরিত আড়াই লাখ টাকার কাঁকড়া জব্দ

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় আড়াই লাখ টাকার মূল্যের অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

মুনতাসীর ইবনে মহসিন বলেন, “শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড রূপসা স্টেশন কর্তৃক খানজাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন খুলনা থেকে বাগেরহাটগামী একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ জনকে আটক করা হয়।”

জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।