ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রায় গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক্সবার্তায় বলা হয়, ‘বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান প্রক্রিয়া পূর্ণ পর্যালোচনার মধ্যে রয়েছে। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা দেওয়া স্থগিত থাকবে।’
এর আগে, মার্কিন অলাভজনক সংস্থা ‘হিল’-এর সহায়তায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছিল গাজায় ইসরায়েলি অভিযানে গুরুতর আহত তিন ফিলিস্তিনি শিশু ও তাদের পরিবারের সদস্যদের। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন কট্টর ডানপন্থি রাজনৈতিক কর্মী লরা লুমের।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লরা লুমের এক্সে লিখেছেন, ‘কীভাবে ইসলামিক অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ দিতে দেওয়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাচ্ছে?’ পোস্টটি প্রকাশের পর রিপাবলিকান পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা তাকে সমর্থন জানান এবং বর্তমান প্রশাসনের সমালোচনা শুরু করেন।
ঘণ্টার মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
তথ্যসূত্র: আল জাজিরা