রাজশাহীতে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পুলিশের মামলা 

রাজশাহী নগরীর কাদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার অনিন্দ্য ও তার দুই সহযোগির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ এসআই রেজাউল করিম এই মামলা করেন।

মামলায় অস্ত্র, বিস্ফোরক  ও মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ রবিবার (১৭ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, কী উদ্দেশ্যে তারা এসব অস্ত্র ও বিস্ফোরক মজুদ করেছিল বা তাদের কাছে আরো কোন অস্ত্র বা বিস্ফোরক আছে কিনা এসব বিষয়ে তথ্য উদ্ধারের জন্য রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা করা দরকার।  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ডক্টর ইংলিশ নামে কোচিং সেন্টারের মালিক মোন্তাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহযোগি রবিন ও ফয়সালকে আটক করা হয়।

অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, সামরিক মানের জিপিএস, টিজারগান, বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসময় বিস্ফোরণের কাজে ব্যবহৃত বেশ কিছু নাইট্রোজেন কার্টিজ বোম্ব ডিসপোজাল ইউনিট নিস্ক্রীয় করে।