আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ রিপন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. সালাউদ্দিন মামুন (৪৭) এবং গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মো. মারুফ রেজা (৫৪)।

ডিসি তালেবুর রহমান জানান, রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে ডেমরা থানা এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ফার্মগেটের কেআইবি কনভেনশন হল থেকে সাদ্দাম শাকিলকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। একই দিন সকাল ১০টা ২৫ মিনিটে ইকবাল আহমেদ রিপনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম। এছাড়া ডেমরা থানা এলাকা থেকে সালাউদ্দিন মামুন এবং পল্টন থানা এলাকা থেকে মারুফ রেজাকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের দুটি পৃথক টিম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।