চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে গোলাগুলিতে যুবক নিহত 

কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় শেখাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন এলাকার রাবারড্যাম সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত শেখাব উদ্দিন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শেখাব উদ্দিনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, নিহতের পায়ে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শেখাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।