ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সবাই একসাথে দায়িত্ব পালন করব’ উল্লেখ করে তিনি জানান, জোটের আলোচনাও তফসিল ঘোষণার পর হতে পারে।
রবিবার (১৭ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় দেড়ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
এ সময় আসন ভাগাভাগি নিয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি, সবাই একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা হয়নি।
ইসলামি দলসহ আগের যে জোট ছিল তাদের সঙ্গে নির্বাচনে জোটবদ্ধভাবে যাওয়ার কোনো আলোচনা হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এখন এটা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, শনিবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করবে না।