আবুল বারকাতের মুক্তি চেয়ে ১২২ নাগরিকের বিবৃতি

অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিনে মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১২২ জন নাগরিক। মানবিক বিবেচনায় তাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান। বিবৃতিদাতারা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, হামিদা হোসেন, সুলতানা কামাল, অ্যাডভোকেট জেড আই খান পান্না, রাশেদা কে চৌধূরী, শিরিন পারভীন হক, খুশী কবির, শাহীন আনাম, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, স্বপন আদনান, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক সেলিম রায়হান, শামসুল হুদা, রুমানা হক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সঞ্জীব দ্রং, সাঈদ আহমেদ, মনীন্দ্র কুমার নাথ, তসলিমা ইসলাম, কাজল দেবনাথ, অধ্যাপক অতনু রব্বানী, দীপায়ন খীসা, এস এম আবদুল্লাহ প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বারকাতকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে। অধ্যাপক বারকাত প্রায় ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বিবৃতিতে তারা বলেন, তারা অধ্যাপক বারকাতের সরল-নির্মোহ প্রাত্যহিক জীবনযাপন দেখেছেন এবং তার সম্পর্কে জানেন। তার (আবুল বারকাত) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপনের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো, যা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।