শাহজালাল বিমানবন্দর থেকে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পৃথক তিনটি অভিযানে মোট ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ জব্দ করেছে। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।

রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে বহির্গমন ও আগমন টার্মিনালের গোলচত্বরে তল্লাশি চালিয়ে মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩.৫ গ্রাম স্বর্ণালঙ্কার (বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়। একই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে আগমন টার্মিনালের মিডিয়া কর্নার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪)-এর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা) জব্দ করা হয়।

এ ছাড়া সকাল ১০টা ২০ মিনিটে মাসুম রানা (৩২) নামে আরেক ব্যক্তিকে আগমন টার্মিনালে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তাকে আইনগত ব্যবস্থা নিতে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে তারা স্বর্ণ চোরাচালান করছিলেন।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক। স্বর্ণ চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে।