সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৩ এপ্রিল জয়দেবপুরে সাত যুবককে জঙ্গি দাবি করে গুলি করে হত্যা করা হয়। পরে ঘটনাটি নাটকীয়ভাবে সাজানো বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়, যা এখন ট্রাইব্যুনালে বিচারাধীন।

এ মামলায় অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার নেয়ামুল আহাদ, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জিলানী, সাবেক ওসি মো. আক্তারুজ্জামান এবং সাবেক এসআই আক্তারুজ্জামান। 

পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, একই দিন মানবতাবিরোধী অপরাধ মামলায় এক সাক্ষীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় বংশাল থানার ওসি ট্রাইব্যুনালে হাজির হন। ট্রাইব্যুনাল তাকে নির্দেশ দেয়, যেই হোক-সাক্ষীকে হুমকি দিলে, তাকে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগের ব্যাপারে গোয়েন্দা নজরদারি শুরু করেছে দুদক।