নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল ও হেলালুদ্দিন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার ইলেকট্রেশিয়ান শাওন সিকদার হত্যা ও আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা ও আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা তাঁকে আদালতে হাজির করে গ্রেপ্তার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজিমপুরে বাসায় ফেরার পথে শাওন সিকদার ইডেন কলেজের সামনে অজ্ঞাত আসামিদের গুলিতে নিহত হন। অন্যদিকে, ১৮ জুলাই আশরাফুল নামে এক ব্যক্তিকে আজিমপুর সরকারি কলোনীতে গুলি চালিয়ে চোখ নষ্ট করার চেষ্টা করা হয়। লালবাগ থানায় এই দুটি মামলা দায়ের হয়।

এদিকে, রাজধানীর শেরে বাংলা থানার রাষ্ট্রদ্রোহ ও প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার মামলায় সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপির এক নেতা দায়ের করা এই মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারও রয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, ভোটার হস্তক্ষেপ ও কারচুপির মাধ্যমে অবৈধভাবে ফলাফল তৈরির চেষ্টা করা হয়েছিল। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়েছে।

আদালত উভয় মামলায় আসামিদের গ্রেপ্তার আবেদন মঞ্জুর করে তদন্তের নির্দেশ দিয়েছে।