ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের কট্টর ইহুদিবাদী এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে রথম্যান দেশটির বিভিন্ন ইহুদি স্কুল ও সিনাগগে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। এ ছাড়া সাম্প্রতিক ইহুদিবিদ্বেষী হামলার শিকারদের সঙ্গেও তার দেখা করার কথা ছিল। তবে তার ভিসা বাতিল করা হয় বিমান ছাড়ার অল্প কিছুক্ষণ আগে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, যারা আমাদের দেশে বিভেদ ও ঘৃণা ছড়াতে চান, তাদের জন্য আমাদের নীতি কঠোর। আপনি যদি বিভাজনের বার্তা নিয়ে আসেন, আমরা আপনাকে চাই না।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের প্রধান রবার্ট গ্রেগরি এ সিদ্ধান্তকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে বলেন, ইহুদিদের এখন অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে দুবার ভাবতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের সমালোচনা করে কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।