আজ ১৮ আগস্ট চিত্রনায়িকা ও প্রযোজক ইয়ামিন হক ববির জন্মদিন। তবে প্রতিবারের মতো এবারও জীবনের বিশেষ এই দিনটি সাদামাটাভাবেই পালন করছেন বলে জানালেন এই অভিনেত্রী। বর্তমানে ববি তার মা ও বোনের সঙ্গে অষ্ট্রেলিয়ায় রয়েছেন। সেখানেই ছোট্ট পরিসরে জন্মদিনের কেক কাটবেন ‘বিজলি’ খ্যাত নায়িকা।
ববি জানান, বাবাকে হারানোর পর থেকে আগের মতো আর পারিবারিক আয়োজন করেন না তিনি। নিজের জীবনের বিশেষ এই দিনে বাবাকে খুব মিস করেন বলে জানিয়েছেন ববি।
নায়িকার ভাষ্য, বাবা ছিলেন আমার পৃথিবী। তাকে হারানোর পর বিশেষ দিনগুলোতে বাবা বেঁচে থাকতে আমাকে কীভাবে খুশি রাখার চেষ্টা করতেন, সেসব কথা ভেবেই দিন কেটে যায়। আর দুচোখের কোনে জল চলে আসে।
এদিকে ববির হাতে এখন বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজের অফার পাচ্ছেন বলে জানান তিনি। দেশে ফিরে শিগগির শুটিং সেটে ব্যস্ত হয়ে পড়বেন ববি।