ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানবিরোধী ভূমিকা রাখার অভিযোগে ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এদের মধ্যে ১৯ শিক্ষককে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি অভ্যুত্থানকালীন বিরোধী ভূমিকা রাখায় জড়িতদের চিহ্নিত করেছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী, ১৯ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন-ইইই বিভাগের ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের ড. মাহবুবুল আরেফিন, আইসিটির ড. পরেশ চন্দ্র বর্মন ও ড. তপন কুমার জোদ্দার, বাংলা বিভাগের ড. বাকী বিল্লাহ বিকুল ও ড. রবিউল হোসেন, ইংরেজি বিভাগের ড. মিয়া রাসিদুজ্জামান, ড. আখতারুল ইসলাম জিল্লু ও ড. আফরোজা বানু, হিসাববিজ্ঞান বিভাগের ড. কাজী আখতার হোসেন ও ড. সেলিনা নাসরিন, এইচআরএম বিভাগের ড. শহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের ড. দেবাশীষ শর্মা, সিএসই বিভাগের ড. জয়স্রী সেন, আইন বিভাগের ড. শাহজাহান মণ্ডল ও ড. রেবা মণ্ডল, আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ড. আমজাদ হোসেন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মেহেদী হাসান এবং মার্কেটিং বিভাগের মাজেদুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে। ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে গত ১৩ আগস্ট কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন পেশ করে। এতে মোট ৬১ জনের নাম অন্তর্ভুক্ত হয়।