ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করা হয়। বিচারক ওয়াজিদুর রহমান তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অপুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ঝিনাইদহে নিয়ে গিয়ে আদালতে হাজির করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বছরের ৪ আগস্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের মামলায় অপুর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তা কমিয়ে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।