লঘুচাপে রাতভর বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম-বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ।

এদিকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। জেলার বিভিন্ন স্থানে রাতভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

এছাড়া লঘুচাপের কারণে বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।