টানা ব্যর্থতার পর এশিয়া কাপে খেলা হচ্ছে না বাবর আজমের। অবশ্য সাম্প্রতিক সময়ে তিনি টি-টোয়েন্টি দলে সুযোগই পাচ্ছেন না। গতকাল রবিবার ঘোষিত ১৭ সদস্যের পাকিস্তান দলে বাবরের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানেরও সুযোগ হয়নি। তবে এই দুজনকে ছাড়াই ভারতকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের প্রধান নির্বাচক আকিব জাভেদ।
ভারত বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন। এই ফরম্যাটে তাদের পারফরমেন্সও দুর্দান্ত। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। টুর্নামেন্টে একাধিকবার তাদের দেখা হতে পারে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে আত্মবিশ্বাসী জাভেদ বলেছেন, ‘ভারত–পাকিস্তান ম্যাচ সব সময়ই বিশেষ। পাকিস্তানের এই ১৭ জনের দল যেকোনো দলকে হারাতে সক্ষম। খেলোয়াড়দের অযথা চাপ দেওয়া উচিত নয়, তবে আমি এ দল নিয়ে আশাবাদী।’
বাবর আজমের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললে পাকিস্তানের এই প্রধান নির্বাচক পরিষ্কার করে জানান, তাকে পারফর্মেন্সের কিছু ঘাটতি নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। জাভেদের ভাষায়, ‘বাবরকে স্পিনের বিপক্ষে খেলা ও স্ট্রাইক রেট বাড়ানোর ওপর মনোযোগ দিতে বলা হয়েছে। সে বিগ ব্যাশ লিগে খেলে সেই উন্নতির সুযোগ পাবেন। বাবরের মতো খেলোয়াড়কে একেবারে বাদ দেওয়া যায় না।’
এশিয়া কাপে অভিজ্ঞ তারকাদের ছেড়ে তরুণদের নিয়ে দল বানিয়ে বেশ বড়সড় বাজি ধরেছে পাকিস্তান। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পারফরম্যান্সই দল নির্বাচনে মূল ভূমিকা রেখেছে বলে জানান আকিব জাভেদ। তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘সাহিবজাদা ফারহান দলে ফিরেছে, সাইম শুরুতে সংগ্রাম করেছে, পরে প্রভাব বিস্তার করেছে। যারা পারফর্ম করবে, তারাই খেলবে।’