ওয়ানডেতে বেবি এবির পারফরম্যান্স দেখতে বাভুমাও রোমাঞ্চিত 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হতে পারে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসের। দলের অধিনায়ক টেম্বা বাভুমা ইঙ্গিত দিয়েছেন, 'বেবি এবি' নামে আলোচিত এই তরুণকে ওয়ানডে ফরম্যাটে দেখা যেতে পারে খুব শিগগিরই।

২০২৩ সালে ব্রেভিস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করার পর চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও খেলেছেন। এবার ওয়ানডে ফরম্যাটে নাম লেখানোর অপেক্ষায় আছেন তিনি। মঙ্গলবার কেয়ার্নসে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে সংবাদ সম্মেলনে বাভুমা বলেছেন, “তরুণ ক্রিকেটারদের দলে পাওয়া সবসময়ই রোমাঞ্চকর।স্বাভাবিকভাবেই ব্রেভিসকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সে দেখিয়ে দিয়েছে, কী করতে সক্ষম। ওয়ানডেতে সে কীভাবে পারফর্ম করে তা দেখার জন্য আমিও রোমাঞ্চিত।”

টি-টোয়েন্টি সিরিজে ব্রেভিস ছিলেন দুর্দান্ত। তিন ইনিংসে ১৮০ রান করে হন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার স্ট্রাইক রেট ছিল ২০৬.৯। দ্বিতীয় ম্যাচে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করে তিনি হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান। শেষ পর্যন্ত অপরাজিত ১২৫ রানে খেলেন, যা দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পরের ম্যাচে করেন হাফসেঞ্চুরি, যদিও ম্যাচ ও সিরিজ দুটোই হেরে যায় প্রোটিয়ারা।

কেয়ার্নসের পর ম্যাকেতে বাকি দুই ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, ডিওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, কুয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মালডার, লুঙ্গি এনগিডি, লুয়ান্দ্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।