কোস্টগার্ডের দাবি

নিত্যপণ্যের বিনিময়ে মাদক আনতে আরাকান আর্মির হাতে জিম্মি নাটক

একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ থেকে মিয়ানমারে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে আরাকান আর্মির হাতে জিম্মি নাটক সাজাচ্ছে এবং এরা গোপনে মাদক নিয়ে ফেরত আসছে বলে দাবি করেছে কোস্টগার্ড। ৫০০ বস্তা আলু ও ১টি ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে তারা।

সোমবার দুপুর ১২টায় কোস্টগার্ড কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

এই মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার হতে মাদকদ্রব্য পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২ টায় কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি বোট তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ হতে নিত্যপণ্য আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে। এ সময় তারা আরকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে। পরবর্তীতে তারা গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারীদের হাতে মাদক পৌঁছে দেয়। তাদের ন্যায় আরো কয়েকটি অসাধু চক্র অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে মর্মে জানা যায়।

জব্দ আলু পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।