জাতীয়তাবাদী ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেজন্য মব উসকে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
এছাড়া এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলেও মনে করে ছাত্র সংগঠনটি।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘প্রশাসনকে বার বার আহ্বান জানিয়েছিলাম— একটি অবাধ, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব পরিস্থিতি নিয়ন্ত্রণের।’
এগুলো না করা হলে নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি।’
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একদল শিক্ষার্থী ডাকসু বানচালের চেষ্টা করছে।