যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরো এক ছাত্রীকে অশোভন আচরণ, একান্ত সাক্ষাতের চাপ ও গাড়িতে ভ্রমণের প্রস্তাবের অভিযোগ উঠেছে।
গত রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। অভিযোগপত্রে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ধারাবাহিক বর্ণনা ও কথোপকথনের স্ক্রিনশট জমা দিয়েছেন।
ভুক্তভোগী ছাত্রী বলেন, সম্প্রতি অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, যা দেখে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে মিল খুঁজে পাই। আমাকে প্রতিনিয়ত মেসেজ দিয়ে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতেন তিনি। এছাড়া স্যারের গাড়িতে ওঠাতে চেয়েছেন, যা অজুহাত দিয়ে এড়িয়ে গিয়েছি আমি। উনি আমার বাবার বয়সী একজন মানুষ, তারপরও এভাবে কথা বলেন কীভাবে! তিনি বলতেন, মেয়েরা শাড়ি পরে এলেই ফুল মার্কস, যা ক্লাসের সবাই জানে।
তবে অভিযোগগুলো অস্বীকার করে রুবেল আনছার বলেন, আমি এই মেয়েকে চিনি। কখন কোন প্রসঙ্গে কথা হয়েছে, সে বিষয় মনে নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন বলেন, ঐ শিক্ষকের বিরুদ্ধে আরো একটি অভিযোগ আমরা পেয়েছি আমাদের কেন্দ্রের সাত সদস্যের কমিটি এটা নিয়ে কাজ করবে। আমরা শিগগির আরো একটি মিটিং কল করব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে গত রবিবার আরো একটি অভিযোগ এসেছে। আমরা সেটি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলে পাঠিয়ে দিয়েছি। যেহেতু তদন্ত চলছে, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।