ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিতে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতারা

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুপাক্ষিক বৈঠকে অংশ নিতে ইউরোপীয় নেতারা একে একে হোয়াইট হাউসে পৌঁছেছেন।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, প্রথমে হোয়াইট হাউসে প্রবেশ করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তাকে অভ্যর্থনা জানান হোয়াইট হাউসের চিফ অব প্রটোকল মোনিকা ক্রাউলি।

এরপর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন গাড়ি থেকে নামেন এবং তাকেও স্বাগত জানান ক্রাউলি। তারা করমর্দন করেন এবং হোয়াইট হাউসে প্রবেশ করেন।

এর কিছুক্ষণ পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার হোয়াইট হাউসে পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি হাসিমুখে অভ্যর্থনা গ্রহণ করেন এবং ভিতরে প্রবেশ করেন।

ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আজকের বৈঠকে আরও যেসব ইউরোপীয় নেতা উপস্থিত থাকবেন তারা হলেন- ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ, নিরাপত্তা নিশ্চয়তা, এবং ট্রাম্প-রাশিয়া আলাস্কা বৈঠকের পরবর্তী কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।