‘নতুন নিরাপত্তা ব্যবস্থায়’ রাজি জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ ‘নতুন নিরাপত্তা কাঠামো’ গ্রহণের জন্য প্রস্তুত। আজ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

জেলেনস্কি বলেন, ইউক্রেন এবং ইউরোপের জন্য ‘বিশ্বস্ত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই’ তাদের প্রধান লক্ষ্য। রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ ও ‘নতুন দখল প্রচেষ্টা’ বন্ধ করতে বাধ্য করতে হবে বলেও তিনি জোর দেন।

জেলেনস্কির বার্তাটি ইউরোপীয় নেতারা একে একে হোয়াইট হাউসে প্রবেশ করার সময় প্রকাশিত হয়। ভিডিও বার্তায় তাকে ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসে ফিনল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, ইউরোপীয় কমিশন ও ন্যাটো মহাসচিবের সঙ্গে দেখা করতে দেখা যায়— যেটি পূর্ব ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থানকে তুলে ধরতে একটি কৌশলগত বার্তা।

জেলেনস্কির বক্তব্য, ‘আমাদের হত্যা বন্ধ করতে হবে, এবং যারা এটির জন্য কাজ করছেন, সেই সকল অংশীদারদের আমি ধন্যবাদ জানাই— যারা শেষ পর্যন্ত একটি নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ শান্তির লক্ষ্যে এগোচ্ছেন। ফিনল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, ইউরোপীয় কমিশন এবং ন্যাটো মহাসচিবের সঙ্গে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আমাদের অবস্থানগুলো সমন্বয় করেছি। ইউক্রেন একটি প্রকৃত যুদ্ধবিরতির জন্য এবং একটি নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। আমরা শান্তি চাই।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন, ‘পুতিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনকে এমন শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মতি দিয়েছেন, যেটি পরিস্থিতির মোড় পাল্টে দিতে পারে।’ 

সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ‘আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছি— যাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কিছু দেশ মিলে ইউক্রেনকে ন্যাটোর অনুচ্ছেদ-৫ এর অনুরূপ নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে।’