উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ হাইকোর্টের

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের ভ্যাকসিন  (অ্যান্টিভেনম) সরবরাহের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অবিলম্বে ভ্যাকসিন সরবরাহ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত জনস্বার্থে একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম নুরুন নবী উজ্জ্বল। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।

সাপের কামড়ে মৃত্যু ও উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনমের ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত রবিবার হাইকোর্টে এ রিট আবেদনটি করেন অ্যাডভোকেট এ কে এম নুুরুন নবী উজ্জ্বল। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশে প্রতি বছর সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। বেশিরভাগ মৃত্যু হয় উপজেলা ও গ্রামাঞ্চলে। কিন্তু প্রতিষেধক বা অ্যান্টিভেনম সেখানে থাকে না। থাকে শহরে। ফলে সাপের কামড়ে অনেক মূল্যবান প্রাণ ঝড়ে যাচ্ছে। অথচ বিষয়টি নিয়ে বিশেষ কোনো উদ্যোগ নেই। যে কারণে হাইকোর্টের দারস্থ হয়েছি।’