মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে 

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দীন আহমেদ জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  গত রবিবার রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় এ হত্যা মামলাটি করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। নাসির উদ্দীন মামলায় ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।