সাবেক এমপি কাজী নাবিলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে ১০৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের তথ্যমতে, আসামি যশোর-৩ আসনের কাজী নাবিল আহমেদ এমপি হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকা অর্জন করেন।

এ ছাড়া তার নিজ ও যৌথ নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ৪৫টি হিসাবে ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৯৮৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অর্থ তিনি হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং-সংক্রান্ত অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।