লিওনেল মেসি আদৌ ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা- সেটা অনেকদিন ধরেই ফুটবলাঙ্গনে বড় প্রশ্ন হয়ে রয়েছে। তবে মেসির সাবেক সতীর্থ ও প্রিয় বন্ধু আনহেল ডি মারিয়া তাকে আগামী বিশ্বকাপে দেখতে চান। তার প্রত্যাশা, আগামী বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন ৩৮ বছর বয়সী মেসি। বিশ্বকাপজয়ীদের হয়ে আবারও মাঠ মাতাবেন ফুটবল মহাতারকা।
সাম্প্রতিক সময়ে ফিটনেস সমস্যা মেসির ক্যারিয়ারে প্রভাব ফেলছে। তবুও ডি মারিয়ার বিশ্বাস, মেসির উপস্থিতিই জাতীয় দলের জন্য আলাদা শক্তি হয়ে উঠবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসির অবশ্যই খেলা উচিত। সে ফর্মে থাকবে কিনা বা তার শারীরিক অবস্থা কেমন হবে- সেসব বড় বিষয় নয়। মাঠে মেসির উপস্থিতি মানেই দলের শক্তি বেড়ে যাওয়া। দিয়েগো ম্যারাডোনা খেললে যেমন হতো, ব্যাপারটা ঠিক তেমনই।’
মেসিকে ‘ভিনগ্রহের প্রাণী’ আখ্যা দিয়ে ডি মারিয়া আরও বলেন, ‘তাকে অন্য কারও সঙ্গে তুলনা করা যায় না। আমরা শুধু তার খেলা উপভোগ করতে চাই। আশা করি, বিশ্বকাপের সময় মেসি সেরা ফর্মে থাকবে। লিও ভিনগ্রহের প্রাণী, অসাধারণ এক ফুটবলার। তার সবকিছুই আলাদা। আমি এখন ইন্টার মায়ামির খেলা দেখি কেবল মেসির জন্যই। আগে কখনও মেজর লিগ সকার দেখতাম না। অথচ এখন আমার কাছে সিজন টিকিট আছে।’
উল্লেখ্য, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্টিনা দলে একসঙ্গে খেলেছিলেন মেসি ও ডি মারিয়া। এরপর জাতীয় দলের হয়ে একাধিকবার কোপা আমেরিকা এবং ২০২২ কাতার বিশ্বকাপও জিতেছে এই জুটি। যুবদল থেকে সিনিয়র দল পর্যন্ত দুজনের বন্ধুত্ব অটুট থেকেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে ডি মারিয়ার অবসরের পরও তাদের বন্ধুত্বে কোনো চিড় ধরেনি।