আজ মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কাণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন প্রোটিয়াদের পেস আক্রমণের নেতা কাগিসো রাবাদা। অবশ্য না খেললেও দলের সঙ্গেই থাকবেন ১৬৪ উইকেট শিকারি এই পেসার।
কেয়ার্নসে প্রথম ওয়ানডে শুরুর ঠিক আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, অ্যাঙ্কেলের চোটে আক্রান্ত হয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। দলের সঙ্গে মাঠে নামলেও গা গরমে সতীর্থদের সঙ্গে ছিলেন না রাবাদা। পরে জানা যায়, স্ক্যান রিপোর্টে তার গুরুতর চোট ধরা পড়েছে। দরের সঙ্গে রেখেই মেডিক্যাল টিমের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া চালানো হবে।
এদিকে রাবাদার জায়গায় আগেই স্কোয়াডে ডাকা হয়েছে কোয়েনা মাফাকাকে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে আলোচনায় আসেন ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার। এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ৫টি। তবে প্রথম ওয়ানডের একাদশে তার সুযোগ হয়নি। প্রোটিয়াদের পেস আক্রমণে আছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি এবং অল-রাউন্ডার ভিয়ান মুল্ডার।