ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে ইচ্ছুক বলে জানিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে আলোচনা শেষে তিনি এ ঘোষণা দেন।
প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়ার আক্রমণ শেষ করতে এবার প্রথমবারের মতো পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি। তিনি বলেন, আমি নিশ্চিত করেছি, আমরা পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত। সব ইউরোপীয় নেতাও আমাকে সমর্থন দিয়েছেন।
বর্তমানে রাশিয়ার সামরিক অগ্রগতি ও ভূখণ্ড ছেড়ে দেওয়ার চাপের মুখে রয়েছেন জেলেনস্কি। হোয়াইট হাউসে বৈঠকের আগে ট্রাম্প ইউক্রেনকে ক্রিমিয়া ছাড়তে এবং ন্যাটোতে যোগদানের লক্ষ্য ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন-যা পুতিনের মূল দাবি।
ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে একান্ত আলোচনায় যুদ্ধের বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেছেন জেলেনস্কি। তার অফিসের বিবৃতিতে বলা হয়, এটি আমাদের সেরা বৈঠক ছিল। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি মানচিত্রসহ সবাইকে বুঝাতে পেরেছি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানান, শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে ছাড় দেওয়ার বদলে নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। ট্রাম্পও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো একসঙ্গে এ নিরাপত্তা দেবে।
জেলেনস্কি জানান, আগামী সপ্তাহ বা দশ দিনের মধ্যে এসব পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রশংসা করে বলেন, ইউক্রেনের নিরাপত্তা ও সহায়তায় মার্কিন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।