ক্রিকেটে মনোযোগ দিতে ইনস্টাগ্রাম ছাড়লেন স্যাম কনস্টাস

সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের যেমন প্রশংসা করা হয়, তেমনই চলে সীমাহীন সমালোচনা। এসব কিছুই একজন ক্রিকেটারের ওপর প্রভাব ফেলে। তাই ক্রিকেটে মনোযোগ দিতে এবার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস। তিনি নাকি নিজের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপও মুছে ফেলেছেন।

কিছুদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে নামের প্রতি সুবিচার করতে পারেননি ১৯ বছর বয়সী কনস্টাস। তিন টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ৮.৩৩! ফলে তার অ্যাশেজ দলে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে। তবে কনস্টাস দৃঢ়প্রতিজ্ঞ—যে করেই হোক ছন্দে ফিরতেই হবে, ‘আমি আসলে এখন ইনস্টাগ্রামে নেই... এটা আসলে মনোযোগ নষ্ট করে। আমি চাই, নিজের সেরা সুযোগ তৈরি করে নিতে, যেন সর্বোচ্চ পর্যায়ে ভালো করতে পারি।’

তরুণ এই ব্যাটারের পাশে আছেন সিনিয়ররা। অধিনায়ক প্যাট কামিন্স তাকে বিশ্রাম নেওয়ার ওপর জোর দিয়েছেন। আর স্টিভেন স্মিথ তাকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। খারাপ ফর্ম থাকলেও কনস্টাসের প্রতি আস্থা রেখেছে সিডনি থান্ডার। বিগ ব্যাশ লিগের এই ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করেছে, যা চলবে ২০২৮–২৯ মৌসুম পর্যন্ত। থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কপল্যান্ড বলেছেন, কনস্টাসকে ধরে রাখা অন্যতম ‘সহজ সিদ্ধান্ত’।